© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গভীর রাতে জাবির প্রধান ফটকে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান

শেয়ার করুন:
গভীর রাতে জাবির প্রধান ফটকে জামায়াতের এমপি প্রার্থীর অবস্থান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা আফজাল হোসাইন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে সেখানে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন আরও প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী।

প্রধান ফটকে অবস্থান নেওয়ার কারণ জানতে চাইলে মাওলানা আফজাল হোসাইন সাংবাদিকদের বলেন, “১৫ নম্বর ছাত্রী হলে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশ করার পর থেকেই নির্বাচন নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এখন পরিস্থিতি কেমন, সেটাই খোঁজ নিতে এসেছি।”

তবে কিছুক্ষণ পরই বাইকে করে তিনি স্থান ত্যাগ করেন। যদিও তার সঙ্গে আসা নেতাকর্মীরা তখনও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করে ছিলেন।

এদিকে রাত গভীর হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ছাত্রশিবিরের বিপুল সংখ্যক সমর্থক সেখানেই জড়ো হয়েছেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবির ভালো করেছে, আর সেই উৎসাহে তারা জাহাঙ্গীরনগরেও ভোটের ফলাফলের অপেক্ষায় রাত জাগছেন।

দিবাগত রাত দেড়টার দিকে দেখা যায়, ডেইরি গেট এলাকায় প্রায় ২০০ জন, প্রান্তিক গেটে আরও ২০০ জন এবং বিশমাইল গেটে শতাধিক বহিরাগত ব্যক্তি জড়ো হয়ে আছেন। তারা জাকসু নির্বাচনের ফলাফল শোনার জন্য অপেক্ষা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম বলেন, “বিষয়টি আমি জানতাম না। এখনই সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা গিয়ে পরিস্থিতি দেখবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ তুলে বিকেল ও সন্ধ্যায় ছাত্রদলসহ অন্তত চারটি প্যানেল নির্বাচন বর্জন করে এবং নতুন করে জাকসু নির্বাচন দেওয়ার দাবি জানায়।

এমআর 

মন্তব্য করুন