© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

শেয়ার করুন:
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫১ এএম | ১৩ অক্টোবর, ২০২৫
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একই পন্থা অবলম্বন করা হবে।

হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

ইসরায়েল জিম্মিদের বুঝে পাওয়ার পর ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে দখলদার ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি আছেন। এই ২৫০ জনের সঙ্গে আরও প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তাদের গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েলি সেনারা।

গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে। যা কাল দুপুরে শেষ হবে।

সূত্র: আলজাজিরা

পিএ/টিএ 

মন্তব্য করুন