© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় আমদানিতে ছাড়

শেয়ার করুন:
ক্রয়-বিক্রয় চুক্তির আওতায় আমদানিতে ছাড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ এএম | ১৪ অক্টোবর, ২০২৫
অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে কোনো এক্সপোজার বা ক্রেডিট লাইন ছাড়াই ইউনিফর্ম রুলস ফর কালেকশনস (ইউআরসি) অনুযায়ী ডকুমেন্টারি কালেকশন সেবা দিতে পারবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিদ্যমান আমদানি নীতি আদেশ অনুযায়ী শিল্প আমদানিকারকরা মূল্যসীমা নির্বিশেষে কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও ফায়ার ডোর ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আমদানি করতে পারবেন। তবে বাণিজ্যিক আমদানি অবশ্যই নির্ধারিত মূল্যসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রচলিত লেটার অব ক্রেডিট (এলসি) ব্যবস্থায় আমদানিকারকের ওপর ব্যাংকগুলো এক্সপোজার নেয়। কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী, ক্রয়-বিক্রয় চুক্তিনির্ভর আমদানিতে ব্যাংকগুলো এক্সপোজার না নিয়েই শুধু ডকুমেন্টারি কালেকশন প্রক্রিয়া সম্পন্ন করবে। এছাড়া বিলম্বিত মূল্য পরিশোধের সুবিধা আগের মতোই কার্যকর থাকবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় বা প্রিন্সিপাল অফিসে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইউআরসি হলো আন্তর্জাতিক চেম্বার অব কমার্স প্রণীত একটি নীতিমালা, যা আন্তর্জাতিক বাণিজ্যে ক্রেতা, বিক্রেতা ও ব্যাংকের মধ্যে অর্থ আদান-প্রদানের প্রক্রিয়া সহজ ও নিরাপদ করতে সহায়তা করে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন জটিলতা যেমন- পেমেন্ট ডকুমেন্টেশন বা অর্থ আদায়ের অঙ্গীকার সংক্রান্ত ঝুঁকি কমে আসে।

কেএন/টিকে

মন্তব্য করুন