© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাসিস্টদের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছে একটি দল : শিবির সভাপতি

শেয়ার করুন:
ফ্যাসিস্টদের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছে একটি দল : শিবির সভাপতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ০৪ ডিসেম্বর, ২০২৫
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অতীতে যারা ফ্যাসিস্ট ছিল তাদের অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছে একটি দল। তবে বাংলাদেশে ইতিমধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন সংঘটিত হয়েছে। আগামী দিনে চূড়ান্ত বিজয় ও বিপ্লবের প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের আয়োজনে যুব ও ছাত্র সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এই দেশকে যুব সমাজই উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি যথাযথভাবে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। 

জাহিদুল ইসলাম বলেন, আমরা দেশে আর কোনো হত্যা, চাঁদাবাজি, দখলদারি দেখতে চাই না। যারা এসব অশুভ রাজনীতির সঙ্গে জড়িত তাদেরকে চিরতরে উৎখাত করতে হবে।

জেলা যুব বিভাগের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ। 

সমাবেশ শেষে জামায়াতে ইসলামী মনোনীত জেলার ৫ সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে গাইবান্ধা সরকারি কলেজে নবীন বরণ ও ছাত্রদের ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়।


ইউটি/টিএ


মন্তব্য করুন