© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সব শক্তিকে এক হতে হবে : মির্জা ফখরুল

শেয়ার করুন:
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সব শক্তিকে এক হতে হবে : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২৫
একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সব শক্তিকে এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং তার প্রয়াত স্ত্রীর গ্রন্থ প্রকাশনা উপলক্ষে এই আলোচনাসভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশপ্রেমিক সব শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।

অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ‘এক অসামান্য ব্যক্তিত্ব ও দূরদর্শী চিন্তাবিদ’ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ড. মাহবুব উল্লাহ শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি ছিলেন নাগরিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক অর্থনীতির জন্য সংগ্রাম করা এক আপসহীন যোদ্ধা।’

মির্জা ফখরুল বলেন, “বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ রূপরেখা প্রণয়নের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষকের চিন্তাভাবনা এবং তাত্ত্বিক অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রকাশিত গ্রন্থাবলিতেও জাতির জন্য তার আদর্শ ও স্বপ্নের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

অনুষ্ঠানে বক্তৃতার শেষ দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক ড. মাহবুব উল্লাহর জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তার ছোট মেয়ের জন্মদিনেও শুভ কামনা জানান।
এ ছাড়া আজ উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

আইকে/এসএন

মন্তব্য করুন