© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাল নিয়ে ভারতের ‘টুঁটি চেপে’ ধরতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
চাল নিয়ে ভারতের ‘টুঁটি চেপে’ ধরতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ এএম | ১০ ডিসেম্বর, ২০২৫
এবার কৃষিজাত পণ্য-বিশেষ করে চাল নিয়ে ভারতের ‘টুঁটি চেপে’ ধরতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, তিনি ভারত থেকে চাল আমদানিতে নতুন শুল্ক আরোপ করতে পারেন।

সোমবার (০৯ ডিসেম্বর) মার্কিন কৃষকদের জন্য কয়েকশ কোটি ডলারের একটি সহায়তা প্রকল্পের ঘোষণা দেওয়ার সময় হোয়াইট হাউসে ট্রাম্প এ হুমকি দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পাশাপাশি কানাডা থেকে সার আমদানিতে নতুন শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। ভারত-কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনায় এখনও বড় কোনো অগ্রগতি হয়নি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমদানি দেশীয় উৎপাদকদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। আমেরিকান উৎপাদকদের রক্ষায় আগ্রাসী শুল্ক নীতিকে কাজে লাগানোর ইচ্ছার কথাও জোরের সঙ্গে বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে শুল্ক বাবদ আদায় করা অর্থ থেকে তার প্রশাসন ‘মার্কিন কৃষকদের এক হাজার ২০০ কোটি ডলার আর্থিক সহায়তা দেবে।

ট্রাম্প বলেন, আপনারা যদি ভেবে দেখেন, আমরা সত্যি সত্যিই লাখ লাখ কোটি ডলার নিচ্ছি। বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘এমন সুবিধা নিয়েছে যা আগে কখনো কেউ দেখেনি’ বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পূর্বসূরীর কাছ থেকে পাওয়া মূল্যস্ফীতি ও পণ্যের দাম কমে যাওয়া পরিস্থিতির বদল ঘটিয়ে কৃষি অর্থনীতিকে স্থিতিশীল করতে কৃষকদের নতুন এ সহায়তা দরকার। কৃষকরা অপরিহার্য জাতীয় সম্পদ, মার্কিন মেরুদণ্ডের অংশ।

ভারতের প্রসঙ্গ এসেছে যুক্তরাষ্ট্রে চাল আমদানি নিয়ে দীর্ঘ আলোচনায়। লুইজিয়ানার এক উৎপাদক ভারত থেকে চাল আমদানি দক্ষিণের কৃষকদের জন্য চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রের চালের খুচরা বাজারে দুটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের মালিক ভারতীয় কোম্পানিগুলো, এমনটা জানানোর পর ট্রাম্প বলেন, ঠিক আছে, এটা আমরা দেখছি। এটা ভালো, সহজও, শুল্ক, আবার, দুই মিনিটে সমাধান হয়ে যাবে। তাদের ডাম্পিং (কম দামে বিক্রি) করা উচিত হচ্ছে না। মানে, আমি শুনেছি, অন্যদের কাছ থেকে শুনেছি। আপনি এটা করতে পারেন না।

এমআর/টিকে 

মন্তব্য করুন