© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক

শেয়ার করুন:
ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৯ এএম | ১৫ ডিসেম্বর, ২০২৫
গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদিকে বিদেশে নেওয়া হবে কি না- এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশ্লেষণে সোমবার বেলা ১১টায় আবারও জরুরি বৈঠকে বসছে মেডিকেল বোর্ড। 

বিদেশে উন্নত চিকিৎসাসহ রোগীর সার্বিক চিকিৎসা পরিকল্পনা এবং এই পরিস্থিতিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও ওসমান হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ দেশের একটি গণমাধ্যমকে এসব তথ্য জানান। 

তিনি জানান, আজ বেলা ১১টায় মেডিকেল বোর্ড আবারও জরুরি মিটিং ডেকেছে। সেখানে রোগীর বর্তমান শারীরিক অবস্থা, বিদেশে স্থানান্তরের ঝুঁকি ও সম্ভাবনা এবং চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে।

ডা. আব্দুল আহাদ বলেন, বিদেশে নেওয়াসহ সামগ্রিক বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আজ সিদ্ধান্ত জানাবে।

বর্তমানে ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের ক্লিয়ারেন্সের ওপরই নির্ভর করছে।

মেডিকেল বোর্ডের বৈঠক শেষে রোগীর সর্বশেষ অবস্থা ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন