পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত ১৯৭১ সালে সাহায্য করে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত
১২:৪৭ পিএম | ১৬ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পাকিস্তানের কাছে পরাজিত হবার প্রতিশোধ নিতেই ভারত ১৯৭১ এ আমাদের পিছনে এসে দাঁড়িয়েছিল। গোটা জাতি যখন আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সামিল হয়েছিল তখনই ওসমান হাদির ওপর হামলা ভিন্ন বার্তা দেয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া বিজয় ম্যারাথন রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, গত ৫৪ বছর যাবত একটি আধিপত্যবাদী শক্তি আমাদেরকে স্বাধীনতার সত্যিকারের স্বাদ আস্বাদন করতে দেয়নি। যারা চায় না বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধের পক্ষকে নির্বাচনে জয়ী করুক তারাই হাদির ওপর হামলার পিছনে দায়ী।
আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তিকেই জনগণ নিজেদের ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, জগজিৎ সিং অরোরার কাছে জেনারেল নিয়াজিকে কেনো আত্মসমর্পণ করতে হয়েছিল সেই ইতিহাস জানার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি।
এসএস/টিকে