© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে ছাত্রদল নেতা হত্যা মামলায় ১২ আসামি কারাগারে

শেয়ার করুন:
বরিশালে ছাত্রদল নেতা হত্যা মামলায় ১২ আসামি কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৬ এএম | ২৩ ডিসেম্বর, ২০২৫
বরিশালের বাবুগঞ্জে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম হত্যা মামলায় ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। তবে আদালতের বিচারক মো. ফারুক হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক এলাকার বাসিন্দা ও ছাত্রদল নেতা নাবিদ হাসান শান্ত, একই এলাকার মিজানুর রহমান কবিরাজ, মো. বাবুল হাওলাদার, চর হোগলা এলাকার সফিউল আজম শাহিন ফরাজী, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম, সাইদুর রহমান, খান মো. সোহাগ, সফিকুল ইসলাম সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন ব্যাপারী এবং আব্দুল্লাহ হাওলাদার।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, রবিউল ইসলাম হত্যা মামলায় ওই ১২ আসামি উচ্চ আদালতের দেওয়া জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জেরে গত ১৭ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে এ ঘটনায় নিহত রবিউল ইসলামের বাবা কুয়েতপ্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদার বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইউটি/টিএ


মন্তব্য করুন