© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত সিয়ামকে দিতে হয়েছে: জামায়াত আমির

শেয়ার করুন:
হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত সিয়ামকে দিতে হয়েছে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে সিয়াম নামে ‍যুবক নিহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত সিয়ামকে দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেন, ‘আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’

নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করে তিনি লিখেন, ‘আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।’

তিনি আরও লিখেন, ‘শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’

এসব ঘটনায় তিনি প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে বলেন।


ইউটি/টিএ


মন্তব্য করুন