নরসিংদী-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনজুর এলাহী
ছবি: সংগৃহীত
০২:৩৭ এএম | ২৫ ডিসেম্বর, ২০২৫
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন লাভ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি (টিকিট) হস্তান্তর করা হয়। বিষয়টি মনজুর এলাহী নিজেই নিশ্চিত করেছেন।
দলের এই সিদ্ধান্তে নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মনোনয়ন ঘোষণার পরপরই এলাকায় তার সমর্থকরা মিষ্টি বিতরণ করেন। একই সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মনজুর এলাহী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিবপুরবাসীর ন্যায্য অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে যাবেন।
এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং নরসিংদী-৩ আসনের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
এমআর/টিএ