© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের ছবিতে নতুন অবতারে ভাইজান

শেয়ার করুন:
‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের ছবিতে নতুন অবতারে ভাইজান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৬
নতুন বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ঝলক প্রকাশ্যে আসতেই যখন নেটপাড়ায় শোরগোল, ঠিক তখনই নতুন এক চমক নিয়ে হাজির হলেন ‘ভাইজান’। এবার বলিউডের জনপ্রিয় নির্মাতা জুটি রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে (রাজ অ্যান্ড ডিকে)-র সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ ও ডিকের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন সালমান। সেখানে তাদের নতুন একটি সিনেমার চিত্রনাট্য নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাজ ও ডিকে মূলত ‘ফ্যামিলি ম্যান’, ‘ফরজি’ বা ‘সিটাডেল: হানি বানি’-র মতো স্পাই-থ্রিলার ও অ্যাকশন ঘরানার কাজের জন্য বিখ্যাত।

তবে সালমানের জন্য তারা বেছে নিয়েছেন অ্যাকশন আর কমেডির এক দারুণ মিশেল। চিত্রনাট্যটি সালমানের বেশ পছন্দ হয়েছে। তবে এখনই চূড়ান্ত সম্মতি দেননি তিনি। নিজের চেনা ঢঙে চিত্রনাট্যে কিছু ‘ট্যুইস্ট’ যোগ করার পরামর্শ দিয়েছেন অভিনেতা। নির্মাতারাও চাইছেন বড় ক্যানভাসে ছবিটিকে তুলে ধরতে। বর্তমানে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে।



সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ ফ্লোরে গড়াতে পারে নাম ঠিক না হওয়া এই সিনেমাটি। তবে পুরো বিষয়টিই নির্ভর করছে সালমানের শিডিউল এবং চূড়ান্ত পাণ্ডুলিপির ওপর।

গত কয়েক বছর ধরে বক্স অফিসে সালমানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ভক্তদের ধারণা, রাজ ও ডিকের মতো আধুনিক নির্মাতাদের হাত ধরে ২০২৬ সালে বড় কোনো প্রত্যাবর্তন ঘটবে ভাইজানের। এখন দেখার বিষয়, বড় পর্দায় এই জুটির রসায়ন ভক্তদের কতটা মুগ্ধ করতে পারে।

এসএন 

মন্তব্য করুন