© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অলি আহমদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, জামায়াতের নিন্দা

শেয়ার করুন:
অলি আহমদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, জামায়াতের নিন্দা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ১৭ জানুয়ারি, ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হয়েছেন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তার মতো একজন পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, হয়রানিমূলক এ মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তার দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এম এ হাশেম রাজু তার গাড়িতে হামলার এই অভিযোগ করেন।

এমআই/টিএ

মন্তব্য করুন