যৌতুকের দাবিতে গৃহবধূকে ছুরিকাঘাত, স্বামী আটক
ছবি: সংগৃহীত
০১:১১ এএম | ৩১ জানুয়ারি, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ী সীমান্তবর্তী চরলোটাবর এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার অভিযোগে স্বামী রবিউল ইসলামকে (২৬) আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী সীমান্তবর্তী মাদারগঞ্জ উপজেলার চরলোটাবর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৩ সালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকার সামছুল হকের মেয়ে সানজিদার সঙ্গে বিয়ে হয় জামালপুর সদর এলাকার পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলামের সঙ্গে।
তাদের সংসারে একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে সানজিদার স্বামী রবিউল ইসলাম। যৌতুক না পেয়ে গৃহবধূকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
শুক্রবার নেশাগ্রস্ত অবস্থায় রবিউল ইসলাম স্ত্রী সানজিদাকে বাবার বাড়ি থেকে নিতে যান। স্ত্রী তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি ফল কাটার একটি ছুরি দিয়ে সানজিদার গলার পেছনে ও পেটে আঘাত করেন। ছুরিকাঘাতের পর সানজিদা চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রবিউলকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। আহত সানজিদাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযুক্ত আসামিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ।
আইকে/টিকে