রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় নেশার টাকার জন্য সোহাগী বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ির কৃষি ব্যাংক মোড় এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘাতক ছেলে সুমনকে (৪২) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোহাগী বেগম ওই এলাকার মৃত আজিজুল ইসলামের স্ত্রী। তার বড় ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিবাদের জেরে সুমন ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের পেট ও বুকে কুপিয়ে জখম করে। এতে সোহাগী বেগমের মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর সুমন তার মায়ের মরদেহ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে প্রধান সড়কে টেনেহিঁচড়ে নিয়ে আসেন। সেখানে মরদেহটি রাস্তায় শুইয়ে রেখে তিনি হাসপাতালে যাওয়ার কথা বলে অটোরিকশা খুঁজতে থাকেন। রাস্তায় নিথর দেহ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা সুমনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অবস্থা বেগতিক দেখে সুমন দৌড়ে বাড়িতে গিয়ে ভেতর থেকে দরজা আটকে দেন। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটক সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তিনি মাদকাসক্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মুখপাত্র) গাজিউর রহমান বলেন, ‘অভিযুক্ত ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
এসএস/টিকে