মেলবোর্ন পার্কেররড লেভার অ্যারেনায় আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলাটি। সনি স্পোর্টস ২ ও ৫ খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
২০২৪ সালের উইম্বলডনের পর এটি জোকোভিচের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। শিরোপা জিততে পারলে, ২০২৩ ইউএস ওপেনের পর এটিই হবে তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় এবং অস্ট্রেলিয়ান ওপেনে ১১তম। তবে তার সামনে রয়েছে বর্তমান বিশ্বসেরা আলকারাজ।
৩৮ বছর বয়সী জোকোভিচের জন্য এই ফাইনাল শুধু একটি শিরোপার জন্য নয় বরং টেনিস ইতিহাসে পুরুষ কিংবা নারী হিসেবে সবচেয়ে সফল গ্র্যান্ড স্লাম খেলোয়াড় হিসেবে একক অবস্থানে থাকবেন এই সার্বিয়ান সুপারস্টার। আজ অস্ট্রেলিয়ান ওপেন জিতলে ২৫তম গ্র্যান্ড স্লাম পাবেন জোকোভিচ।
অন্যদিকে, ২২ বছর বয়সী বিশ্বের এক নম্বর র্যাংকিংধারী স্পানিশ তারকা আলকারাজের ট্রফি ক্যাবিনেটে একমাত্র অপ্রাপ্তি এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন।
এর আগে, সেমিফাইনালে দীর্ঘ ৫ ঘণ্টা ২৭ মিনিটের ম্যাচে জার্মান আলেকজান্ডার জিভেরভকে হারিয়ে প্রথমবারের মতো নিজের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল নিশ্চিত করেন আলকারাজ।
তারপরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান তারকা জান্নিক সিনারকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।
এসএস/টিকে