ক্রীড়াব্যক্তিত্ব মোস্তফা কামাল মারা গেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর শান্তিনগরে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতা ও কিডনির সমস্যার সঙ্গে লড়াই করছিলেন দীর্ঘদিন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মোস্তফা কামাল শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন নামী ক্রীড়াবিদও। নোয়াখালীতে জন্ম নেওয়া এই ক্রীড়াবিদের ষাটের দশকে ঢাকার খেলার মাঠকে মাতিয়ে রেখেছিলেন।
১৯৬২ থেকে ১৯৬৫ পর্যন্ত মোস্তফা কামাল দাপটের সঙ্গে ঢাকার প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন আজাদ স্পোর্টিং ক্লাবে। এরপর ১৯৬৬ সালে নাম লেখান ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সাদা-কালো জার্সিতে কাটানো চার বছরের মধ্যে দুবারই তিনি লিগ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন। ভলিবল কোর্টেও মোস্তফা কামাল ছিলেন অপ্রতিরোধ্য। ১৯৬৩ থেকে ১৯৭০ পর্যন্ত পূর্ব পাকিস্তান ভলিবল দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি এবং ১৯৬৮ সালে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবে। মাঠের বাইরে মোস্তফা কামাল ছিলেন এক অত্যন্ত অমায়িক ও সাদামনের মানুষ। তাঁর সদালাপী ব্যবহারের কারণে ছোট-বড় সবাই তাঁকে শ্রদ্ধা করত।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আজীবন সদস্য হিসেবে সংবাদকর্মীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত আপনজন। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি হিসেবে তিনি নতুন প্রজন্মকে বারবার অনুপ্রাণিত করেছেন।
টিকে/