বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন। তিনি এদিন দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
এ দিকে দলের চেয়ারম্যানের এই আগমনকে কেন্দ্র করে যশোরে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎসব আমেজ বিরাজ করছে। জোরেশোরে চলছে প্রস্তুতি।
জেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারে দুপুর পৌনে ২টায় যশোর পৌঁছাবেন। পরে যশোর উপশহর উদ্যানে তিনি বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দলীয় প্রধানের আগমন উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জোরেসোরে চলছে প্রস্তুতি। আজ রাতের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে।’
অনিন্দ্য ইসলাম অমিত জানান, জনসভায় ৭ জেলার প্রার্থীদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। এ সমাবেশকে ঘিরে প্রচারণা চালানোর সুযোগ হয়নি। যশোর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে যোগ দেবেন। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। মানুষের ভোগান্তি কমাতে সমাবেশস্থল শহরের বাইরে উপশহর উদ্যানে করা হয়েছে।
আইকে/টিএ