© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির

শেয়ার করুন:
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৮ এএম | ০২ ফেব্রুয়ারি, ২০২৬
২০২২ সালের নভেম্বরে প্রথম আত্মপ্রকাশের পর থেকেই ওপেনএআই নির্মিত চ্যাটবট চ্যাটজিপিটি একের পর এক চমক দিয়ে আসছে। শুরু থেকেই গুগলকে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে স্যাম অল্টম্যানের সংস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে এবার নতুন করে ‘চ্যাটজিপিটি ট্রান্সলেট’ নিয়ে বিবৃতি দিয়েছে ওপেনএআই।

জানা গেছে, এই ট্রান্সলেশন টুলের মূল উদ্দেশ্য এমন একটি পরিষেবা চালু করা, যার মাধ্যমে বিভিন্ন ভাষায় অনুবাদ করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, কার্যত গুগল ট্রান্সলেটরকে বড় ধরনের চ্যালেঞ্জ জানাতেই এই টুল আনা হচ্ছে। ওপেনএআইয়ের এই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও উল্লেখযোগ্য যে, চ্যাটজিপিটিতে অনুবাদের সুবিধা আগেও ছিল।

যদিও নতুন এই টুলের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

ওপেনএআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চ্যাটজিপিটি ভাষা ব্যবহারে বরাবরই দক্ষ। এটি সঠিক ভাব ও সাংস্কৃতিক সূক্ষ্মতা বজায় রেখে ৪০টিরও বেশি ভাষায় নির্ভুল অনুবাদ করতে পারে। চ্যাটজিপিটি ট্রান্সলেট সেই সক্ষমতাকেই সামনে তুলে ধরবে এবং আমরা এটিকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছি।’

বিশেষজ্ঞদের ধারণা, এই ঘোষণার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হলো যে অনুবাদের ক্ষেত্রে গুগল একমাত্র ভরসা নয়। চ্যাটজিপিটিও ক্রমেই দক্ষ হয়ে উঠছে এবং ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে। সরাসরি নাম না করলেও নতুন বিবৃতির মাধ্যমে টেক জায়ান্ট গুগলকেই যেন নতুন করে চ্যালেঞ্জ ছুড়েছে ওপেনএআই। উল্লেখ্য, গুগল ট্রান্সলেটর বর্তমানে ২৪৯টি ভাষা নিয়ে কাজ করে, যেখানে চ্যাটজিপিটি এখন পর্যন্ত স্বচ্ছন্দ ৪৭টি ভাষায় অনুবাদ করতে পারে।

নাম উল্লেখ না করলেও নতুন ঘোষণায় প্রযুক্তি দুনিয়ার এই বৃহৎ সংস্থার প্রতি চ্যালেঞ্জের ইঙ্গিত স্পষ্ট। এখন যুগ এআইয়ের। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একের পর এক চমক সৃষ্টি হচ্ছে, আর তার জেরেই প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা বহু দিন ধরেই তীব্র আকার নিয়েছে।

গত নভেম্বরে স্যাম অল্টম্যান লিখেছিলেন, ‘একটি সংস্থা হিসেবে আমরা যথেষ্ট শক্তি তৈরি করেছি, যার মাধ্যমে দুর্দান্ত মডেল বানিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব। সুপার ইন্টেলিজেন্সে পৌঁছাতে আমাদের গবেষণা দলের অধিকাংশ সদস্যকে আরও বেশি মনোযোগী হতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

একই সঙ্গে গুগলের সঙ্গে চলা ‘রেস’ নিয়েও তিনি প্রতিক্রিয়া জানান। তিনি স্বীকার করেন, এই ‘লড়াইয়ে’ আপাতত গুগল এগিয়ে রয়েছে। তবে তার দাবি, এই এগিয়ে থাকা স্থায়ী নয়। নতুন এই ঘোষণায় সেই মনোভাবই আবারও প্রতিফলিত হলো।

সূত্র: ইন্ডিয়া টুডে

এমআর/টিএ 

মন্তব্য করুন