নিজে গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রাখা লামিনে ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ হান্সি ফ্লিক। স্প্যানিশ তরুণ সেনসেশনকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের। তার বিশ্বাস, নিজেকে অন্য উচ্চতায় তুলতে পারেন এই ফরোয়ার্ড।
লা লিগায় শনিবার এলচের বিপক্ষে বার্সেলোনার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে, সবশেষ পাঁচ ম্যাচে এটি তার চতুর্থ গোল।
চলতি মৌসুমে লা লিগায় নয়টি গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন ১৮ বছর বয়সী ইয়ামাল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে তার গোল ১৩টি ও অ্যাসিস্ট ১২টি।
এলচের মাঠে দলকে ষষ্ঠ মিনিটে এগিয়ে নেন ইয়ামাল। মাঝমাঠ থেকে দানি ওলমোর থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান তিনি।
এরপর দলের তৃতীয় গোলে ভূমিকা রাখেন ইয়ামাল। ৭২তম মিনিটে বক্সে পাস দেন ইয়ামাল, প্রতিপক্ষের এক ডিফেন্ডারে বাধা পেয়ে বল পান মার্কাস র্যাশফোর্ড। জোরাল শটে জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।
এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান চারে নিয়ে গেছে বার্সেলোনা। যেখানে বড় অবদান রাখা ইয়ামালের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ফ্লিক।
“এটা (ইয়ামালের পারফরম্যান্স) দলের ও ক্লাবের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যখন সে নিজের সেরাটা খেলে, তখন সেটা সবার জন্যই ভালো। সে যথেষ্ট তরুণ যে উন্নতি করতে পারে, যার মধ্যে প্রতিভা আছে এবং নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। আমার মনে হয়, এটা ঘটছে।”
২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। সোমবার রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে মাদ্রিদের দলটি।
এসকে/টিএ