ওটিটি প্ল্যাটফর্মে আজকের সময়ে দর্শকের আগ্রহ ক্রমশই ঝুঁকছে বাস্তব মানুষ ও বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি গল্পের দিকে। এমন গল্প শুধু নাটকীয় অভিনয় নয়, বরং চিত্রনাট্য এবং সূক্ষ্ম অভিনয়কেই প্রাধান্য দেয়। বছরের পর বছর ধরে অনেক অভিনেতা এই চ্যালেঞ্জ সফলভাবে গ্রহণ করেছেন। রাজনীতি হোক, ক্রাইম রিপোর্টার, পুলিশ হোক বা প্যারানর্মাল অনুসন্ধানএই সমস্ত চরিত্রে বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন অনবদ্য অভিনেতারা।
ভারতের ওটিটি সাফল্যের কিছু উদাহরণ এখানে উল্লেখযোগ্য:
করণ ট্যাকার -‘ভয়: দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি’
ভারতের প্রথম প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারির চরিত্রে করণ ট্যাকার বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত অভিনয় করেছেন। চরিত্রের মানবিক দিক, কৌতূহল, সাহস এবং অন্তর্দ্বন্দ্ব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন।
জাহান কাপুর- ‘ব্ল্যাক ওয়ারেন্ট’
ভারতীয় জেল ব্যবস্থার বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিরিজে জাহান কাপুরের অভিনয় দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে। জেলের ভিতরের মানসিক চাপ ও একাকিত্ব তিনি গভীরভাবে ফুটিয়ে তুলেছেন।
হুমা কুরেশি -‘মহারানি’
বাস্তব রাজনৈতিক চরিত্রের অনুপ্রেরণায় তৈরি রানি ভারতীর চরিত্রে হুমা কুরেশি দেখিয়েছেন ক্ষমতার শিখরে ওঠার জটিল যাত্রা। রাজনীতি, পিতৃতন্ত্র ও ব্যক্তিগত লড়াই সবকিছুকে ভারসাম্যের সঙ্গে উপস্থাপন করেছেন।
কৃতিকা কামরা- ‘বোম্বাই মেরি জান’
এক সাংবাদিকের ভূমিকায় কৃতিকা কামরা অপরাধ ও নৈতিকতার জটিল সংযোগস্থলে দাঁড়িয়ে সংযত ও সংবেদনশীল অভিনয় করেছেন। মেলোড্রামা এড়িয়ে গিয়ে চরিত্রটিকে বাস্তব ও রিলেটেবল করে তুলেছেন।
কারিশ্মা তান্না -‘স্কুপ’
ক্রাইম রিপোর্টার জিগ্না ভোরার জীবনের অনুপ্রেরণায় নির্মিত চরিত্রে করিশ্মা ভাঙা-গড়া জীবনের গল্প এবং মানসিক দৃঢ়তার ভারসাম্য অসাধারণভাবে দেখিয়েছেন। সংযত অভিনয় তাকে কনটেন্ট-নির্ভর গল্পের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছে।
এই অভিনেতা ও অভিনেত্রীরা দেখিয়েছেন, কেবল চেহারা বা জনপ্রিয়তা নয় বাস্তব চরিত্রের মানবিকতা, অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম অভিব্যক্তিই ওটিটি দর্শকের হৃদয় ছুঁয়ে দিতে পারে।
পিআর/টিকে