অরিজিত সিংয়ের সিদ্ধান্ত ও অনিশ্চয়তার মধ্যেই নতুন চমক হিসেবে হাজির হলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। সম্প্রতি জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গোপন বৈঠক করেছেন তিনি, যা মুহূর্তেই সঙ্গীত ও সিনেমা জগতের অন্দরমহলে কৌতূহল সৃষ্টি করেছে।
দ্য ওয়াল ব্যুরো অনুসারে, অরিজিত সিংয়ের আচমকা প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণার পর থেকেই দেশের সঙ্গীতপ্রেমীদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা চলছিল। ঠিক সেই সময়ে রবিবার রাতে কলকাতায় পৌঁছান আমির খান। সূত্রের খবর, রাতেই অরিজিতের সঙ্গে দেখা করেন তিনি এবং বহরমপুরের একটি হোটেলে রাত্রীবাস করেন। পরদিন দুপুরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে তার।
এই বৈঠক দুই শিল্পীর দীর্ঘদিনের পেশাগত সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার ইঙ্গিত দেয়। অনেক সিনেমায় অরিজিতের কণ্ঠে গান হয়েছে, যা দর্শক ও শ্রোতাদের মধ্যে আলাদা আবেগ তৈরি করেছে। বিশেষ করে আমির খানের ছবির আবহে অরিজিতের কণ্ঠের সংযমী ও গভীরতা নিখুঁতভাবে মেলেছে। সূত্রের দাবি, আমির ব্যক্তিগতভাবেও অরিজিতের গানের বড় ভক্ত এবং রেকর্ডিংয়ের সময় সরাসরি তার সঙ্গে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
কাজের বাইরেও দু’জনের সম্পর্ক রয়েছে। বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ ও সৃজনশীল আলোচনায় একাধিকবার একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি শোনা গিয়েছিল, আমির খানের ভবিষ্যৎ কোনও এক প্রজেক্টের জন্য অরিজিতের কণ্ঠে একটি বিশেষ গান পরিকল্পনা করা হচ্ছিল। সেই গুঞ্জনের মধ্যে অরিজিতের অবসর ঘোষণা নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, এই বৈঠক হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা, প্রজেক্ট কিংবা অরিজিতের পরিচালনামূলক উদ্যোগ নিয়ে আলোচনার বিষয়।
সব মিলিয়ে, অরিজিত সিংয়ের সিদ্ধান্ত এবং আমির খানের আকস্মিক উপস্থিতি এখন বলিউড ও সঙ্গীত জগতের সবচেয়ে আলোচিত বিষয়। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী অধ্যায়ের দিকে।
এমকে/টিএ