গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন পুয়ের্তো রিকান সুপারস্টার ব্যাড বানি। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্র্যামি অনুষ্ঠানে ‘সেরা মিউজিকা উর্বানা অ্যালবাম’ বিভাগে পুরস্কার গ্রহণের সময় ব্যাড বানি বলেন, 'ঈশ্বরকে ধন্যবাদ জানানোর আগে আমি বলতে চাই—আইসিই আউট!'
তার এই বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা জোরালো করতালি দিয়ে সমর্থন জানান। বক্তব্যে ব্যাড বানি আরও বলেন, 'আমরা বর্বর নই, আমরা পশু নই, আমরা ভিনগ্রহের কেউ নই। আমরা মানুষ, আমরা আমেরিকান।'
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আইসিইর অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিশেষ করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অভিবাসন নীতি নিয়ে অধিকারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও সামনে এসেছে। বিশেষকরে, আইসিই সদস্যদের গুলিতে দুই মার্কিন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এই শিল্পী।
চলমান এই পরিস্থিতির প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করে ব্যাড বানি বলেন, 'এই পুরস্কার আমি উৎসর্গ করছি সেই সব মানুষদের জন্য, যারা নিজেদের স্বপ্নের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছে।'
গ্র্যামির মতো বৈশ্বিক মঞ্চে ব্যাড বানির এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও মানবাধিকার প্রশ্ন।
এসএন