পাকিস্তানি অভিনেতা খাকান শাহনাওয়াজ ও সাবিনা সৈয়দ অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) এই তারকা দম্পতি স্বামী-স্ত্রী হিসেবে তাদের প্রথম ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে বিয়ের সুখবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
৩০ জানুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ পোস্টে খাকান ও সাবিনা তাদের বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি প্রকাশ করেন। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে খোলা আকাশের নিচে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, অনুষ্ঠানস্থলের সাজসজ্জায় ব্যবহার করা হয়েছে বেলুন এবং একটি ভিনটেজ গাড়ি- যা পুরো আয়োজনে আলাদা মাত্রা যোগ করেছে। বিয়েতে বর খাকান শাহনাওয়াজের পরনে ছিল ঐতিহ্যবাহী অফ-হোয়াইট পোশাকের সঙ্গে অলঙ্কৃত কোট। অন্যদিকে, কনে সাবিনা সৈয়দ বেছে নেন গোলাপি রঙের অ্যান্টিক পোশাক, যার সঙ্গে ছিল স্বর্ণ ও রূপার সূচিকর্ম করা অফ-হোয়াইট ঐতিহ্যবাহী ঘরারা।
এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে এই দম্পতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে তাদের বাগদান সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
উল্লেখ্য, সাবিনা সৈয়দ ২০১৭ সালে অভিনয় জগতে পা রাখেন এবং ‘মুকাদ্দার’, ‘ইয়াকিন কা সফর’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে, খাকান শাহনাওয়াজ ২০২৩ সালে বিনোদন অঙ্গনে আত্মপ্রকাশ করে ‘ইউনহি’, ‘সুকুন’, ‘মাই ডিয়ার সিন্ডারেলা’সহ বিভিন্ন প্রকল্পে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন।
এমকে/টিএ