আদেমোলা লুকমানকে দলে টানতে ইতালিয়ান ক্লাব আতালান্তার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, চুক্তিতে স্বাক্ষর করতে এখন মাদ্রিদে আছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।
সোমবার ২৮ বছর বয়সী লুকমানের মেডিকেল হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চুক্তির আনুষ্ঠানিকতা সারা হবে বলে জানিয়েছে আতলেতিকো।
২০২২ সালে সেরি আর ক্লাব আতালান্তায় যোগ দেওয়ার আগে ফুলহ্যাম ও লেস্টারে খেলেন লুকমান। এছাড়া লাইপজিগ ও এভারটনেরও প্রতিনিধিত্ব করেন তিনি।
আতালান্তার হয়েই ক্যারিয়ারের সবচেয়ে বেশি ১৩৭ ম্যাচ খেলেছেন লুকমান। ক্লাবটির জার্সিতে ৫৫ গোল করার পাশাপাশি ২৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।
নাইজেরিয়ার হয়ে এবারের আফ্রিকা কাপ অব নেশন্সে তিনটি গোল করেন লুকমান। টুর্নামেন্টের সেমি-ফাইনালে মরক্কোর বিপক্ষে হেরে যায় নাইজেরিয়া।
লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে আতলেতিকো। দ্বিতীয় স্থানে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে তারা, আর চূড়ায় থাকা বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে।
এমআর/টিএ