বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম আরও কমে গেছে। গত জানুয়ারির শেষ দিকে রেকর্ড সাড়ে পাঁচ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করার পর থেকেই স্বর্ণের দাম নিম্নমুখী।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫ টা ৪৮ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৭৫ দশমিক ৯৬ ডলারে নেমে আসে। তবে দিনের শুরুতে প্রায় ১০ শতাংশ দরপতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল স্বর্ণ।
এর আগে গত ৩০ জানুয়ারি একদিনে ৯ দশমিক ৮ শতাংশের বেশি দরপতন হয় স্বর্ণের, যা ১৯৮৩ সালের পর এক দিনে সর্বোচ্চ পতন।
গত ২৯ জানুয়ারি সর্বকালের সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছানোর পর থেকে স্বর্ণের দাম প্রায় ৯০০ ডলার কমেছে। এদিকে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮০০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৩ ডলারে নেমে এসেছে। গত সপ্তাহে সর্বকালের সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে পৌঁছানোর পর থেকে রুপার দাম প্রায় ৩৩ শতাংশ কমেছে।
এ ছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ২ হাজার ০৯০ দশমিক ০৯ ডলারে নেমে আসে। আর প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৪ দশমিক ০১ ডলারে।
সূত্র: রয়টার্স
এমআর/টিএ