সৌদি আরবের ফুটবলে বড় এক বিতর্কিত ঘটনার সূত্রপাত হয়েছে বলে খবর বিভিন্ন গণমাধ্যমের। আল নাস্রের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতি অসন্তুষ্টির কারণে নাকি দলটির হয়ে খেলতে আপত্তি জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগে সোমবার আল রিয়াদের মুখোমুখি হবে আল নাস্র। রিয়াদের মাঠে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সোয়া ৯টায়।
সূত্রের বরাদ দিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস তাদের প্রতিবেদনে লিখেছে, আল নাস্রের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতি অসন্তুষ্ট রোনালদো। সৌদি আরবের স্থানীয় বেশ কিছু গণমাধ্যম অবশ্য লিখেছে, আল ইত্তিহাদের বিপক্ষে আগামী শুক্রবারের খুব গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতেই, আসছে ম্যাচটি খেলবেন না রোনালদো।
রোনালদোর অসন্তুষ্টি বা ক্ষোভের বড় কারণ পিআইএফ-এর দল পরিচলনা পদ্ধতি বলেই শোনা যাচ্ছে। পর্তুগিজ মহাতারকার বিশ্বাস, প্রতিষ্ঠানটি আল নাস্রের ক্ষতি করছে। খেলোয়াড়দের দলবদলের বাজারে যেন নিষ্ক্রিয় হয়ে আছে তারা, যেখানে আল হিলাল সর্বোচ্চ চেষ্টা করছে শক্তি বাড়ানোর।
স্প্যানিশ সেন্টার-ব্যাক পাবলো মারিকে পেতে ফিওরেন্তিনাকে ২০ লাখ ইউরো দিয়েছে আল হিলাল এবং তরুণ ফরাসি ফরোয়ার্ড কাদের মেতেকে রেন থেকে কিনতে তিন কোটি ইউরো দিতে প্রস্তুত ক্লাবটি। এখানেই শেষ নয়, একরকম হঠাৎ করেই আল ইত্তিহাদের তারকা ফরোয়ার্ড কারিম বেনজেমারও আল হিলালের যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। এতে কোচ সিমোনে ইনজাগির দলটির আরও বাড়বে।
পর্তুগিজ পত্রিকা ‘আ বোলা’ আরেকটি কারণ তুলে ধরেছে। তাদের সূত্রমতে, আল নাস্রের পরিচালন কাঠামায় দুজন পর্তুগিজ আছেন। কিন্তু সম্প্রতি বোর্ড পরিচালকদের সিদ্ধান্তে ওই দুজনের ক্ষমতা প্রায় শূন্য নামিয়ে আনা হয়েছে। এতে বেশ ক্ষেপেছেন রোনালদো।
এসব গুঞ্জন সত্যি হলে আল নাস্রে রোনালদোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। চলতি মৌসুমে শুরুটা দুর্দান্ত করেছিল আল নাস্র। টানা জয়ে মৌসুমের প্রথম কয়েক মাস সৌ প্রো লিগে শীর্ষে ছিল তারা। পরে পথ হারিয়েছে দলটি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছে তারা। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠেছে আল হিলাল।
এবি/টিএ