জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গত তিন বার ভোট দিতে না পারা মানুষদের এবার জাতীয় নির্বাচনে ফজরের নামাজের পর কেন্দ্রে উপস্থিত থেকে নিজেদের ভোট নিশ্চিত করতে হবে। প্রতিবেশীসহ সবার ভোট নিশ্চিত করতে হবে। আপনাদের একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজারসংলগ্ন সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ বলেন, আমরা দেখেছি এই দেশে গত ৫৪ বছর এই দেশে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধান মন্ত্রী হয়। আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। আর এই পরিবারতন্ত্র ভাঙতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের সবাইকে বাংলাদেশের এক নম্বর আসনে শাপলাকলিকে বিজয়ী করে আনতে হবে।
একই সঙ্গে ১১-দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নিজের বিবেককে কাঠগড়ায় দাঁড় করিয়ে ভাবতে হবে-ন্যায়ের পক্ষে যাবেন নাকি অন্যায়ের পক্ষে।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, আমরা জানি বিগত দিনে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আপনাদের এখান থেকে এমপি-মন্ত্রী হয়েছে ঠিকই কিন্তু আপনাদের জীবনের পরিবর্তন করতে তারা কাজ করে নাই। আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে তারা কাজ করে নাই। আমার প্রতিহিংসার রাজনীতি করতে আসিনি। আমরা জনগণের সেবক হতে এসেছি। ১২ তারিখের ভোটে শাপলা কলিতে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বলেও জানান তিনি।
সারজিস আলম তার বক্তব্যে পঞ্চগড়-১ আসনের নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, একদিকে ১১ দলীয় জোট- আর অন্যদিকে একটি দল। আপনারাই চিন্তা করুন, আমরা যদি এই জুলুমগুলো করেছি তাহলে আমাদের ভোট দেয়ার দরকার নাই। আর আপনারা যদি দেখেন আরেকটি দল নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত মানুষের উপর জুলুম করেছে এবার তাদের বয়কট করতে হবে।
একই সাথে সারজিস দাবি করে বলেন, একজন ভালো মানুষ আর একজন যোগ্য নেতা কখনো এক হতে পারে না। একজন ভালো মানুষ ব্যক্তি হিসেবে ভালো হতে পারে- কিন্তু সেই ভালো মানুষ তাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে। তিনি কোনোদিন যোগ্য নেতা হতে পারে না। আর আমরা সেই মানুষকে কোনো দিন যোগ্য নেতা বলবো না।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বক্তব্য রাখেন। এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ এনসিপির নেতারা বিকেলে সড়কপথে পঞ্চগড় চিনিকল মাঠে উপস্থিত হয়ে নির্বাচনী পথসভা ও প্রচারণা শুরু করেন। শহরের বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যায় জনসভায় যোগ দেন নেতারা।
এমআই/টিএ