জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে। আর কেউ সীমান্তে জনগণকে হত্যার সাহস পাবে না। একটি গুলি চালালে পাল্টা দুটি গুলি চালানো হবে। এক মাসের মধ্যে হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে। সোমবার দুপুরে পার্বতীপুর শহীদ মিনারে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান এখন কৃষকদের কার্ড দিতে চান, অথচ বিএনপি ক্ষমতায় থাকতে ন্যায্যমূল্যে সার ও বিদ্যুৎ চাওয়ার কারণে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৭ মাসে তাদের কর্মকাণ্ড দেখে জনগণ সিদ্ধান্ত নিয়েছে- কাকে ভোট দিতে হবে। দিনাজপুর-৫ আসনে তিনি ১১ দলীয় জোট প্রার্থী ডা. আ. আহাদকে শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে ফ্যামিলি ও কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদা কার্ড চালু করেন। যে কার্ড দেখালে জনগণকে যেন আর চাঁদা দিতে না লাগে। তিনি বলেন, একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। যারা কেন্দ্র দখল করতে চান, তারা যেন সকালে কেন্দ্রে যাওয়ার আগে স্ত্রী-সন্তান ও বাবা-মার কাছ থেকে দোয়া পড়ে বের হন। তাদের প্রতিরোধ করতে ছাত্রশক্তি ও শিবিরকর্মীরাই যথেষ্ট। তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দেশে ক্যাসিনো ও মাদক বন্ধ করা হবে। এ নির্বাচন হবে চাঁদাবাজ ও ঋণখেলাপিদের বিরুদ্ধে নির্বাচন।
এমআই/টিএ