ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা। তবে এখনও ভারতের জন্য ট্রফি জেতার স্বপ্ন দেখেন। ৩৮ বছর বয়সেও স্বপ্ন বদলায়নি দুটি আইসিসি ট্রফি জয়ী সাবেক এই অধিনায়কের। কয়েক দিন আগেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি।
ক্রিকেটে বিশেষ অবদানের জন্য রোহিতকে পদ্মশ্রী দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই পুরস্কারকে তার জন্য বিশেষ বলে মনে করছেন রোহিত।
দূরদর্শন স্পোর্টসের পোস্ট করা এক ভিডিওতে রোহিত বলেছেন, 'পদ্মশ্রী প্রাপ্তি আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ একটা মুহূর্ত। আমাকে এই সম্মানের জন্য বিবেচনা করায় ভারত সরকারকে ধন্যবাদ। আমার ক্রিকেটজীবনে বিভিন্ন সময় যাদের ভূমিকা রয়েছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।'
দেশের জার্সি পরে এখনও মাঠে নামতে এবং ট্রফি জিততে মরিয়া রোহিত। ভারতীয় দলের সাবেক অধিনায়ক বলেছেন, 'সব সময় চেষ্টা করব দেশের জন্য ম্যাচ এবং ট্রফি জিততে। সবাইকে ধন্যবাদ।'
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিতের। তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিতের লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতা।
এসকে/এসএন