সাম্প্রতিক সময়ে রানের মধ্যে নেই মোহাম্মদ রিজওয়ান। ফলে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি এই উইকেটকিপার ব্যাটারের। বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি। তবে সেখানেও ব্যর্থ রিজওয়ান।
চলমান প্রেসিডেন্টস ট্রফিতে সুই নর্দানের হয়ে অধিনায়ক হিসেবে খেলছেন রিজওয়ান। প্রথম ইনিংসে মাত্র ২২ রান করে আউট হন এই উইকেটকিপার-ব্যাটার। রিজওয়ানের ব্যর্থতার দিনে সুবিধা করতে পারেনি তার দলও।
অয়েল অ্যান্ড গ্যাসের বিপক্ষে চার দিনের ম্যাচে আগে ব্যাট করতে নেমে সুই নর্দান গুটিয়ে যায় ১৮২ রানে। চারে ব্যাট করতে নেমে ইনিংস গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। বাঁহাতি স্পিনার দানিশ আজিজের বলে আউট হওয়ার আগে ৪১ বল খেলে ২২ রান করেন রিজওয়ান।
সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে কায়েদ-ই-আজম ট্রফিতে খাইবার পাখতুনখোয়ার হয়ে সেন্ট্রাল পাঞ্জাবের বিপক্ষে খেলেছিলেন তিনি। এবার ছয় বছর পর পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে ব্যর্থ রিজওয়ান।