নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১-দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের পক্ষে নির্বাচনি প্রচারণায় গিয়ে এক বৃদ্ধার কাছ থেকে স্বর্ণের আংটি উপহার পেয়েছেন তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমির ডুবাইয়ের বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ওই বাড়িতে উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থীর স্ত্রী ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী। বৈঠক শুরুর প্রাক্কালে স্থানীয় বৃদ্ধা আমির ডুবাইয়ের মা সযত্নে জেদনীর হাতে একটি স্বর্ণের আংটি পরিয়ে দেন এবং সেটি গ্রহণ করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানান।
এ বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, ‘হান্নান মাসউদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশের অংশ এটি। গত দেড় বছর হান্নান মাসউদ সাধারণ মানুষের জন্য যে কাজ করেছে তার উপহার এটি। আমি তার স্ত্রী হিসেবে গর্ববোধ করছি।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রশক্তির হাতিয়া উপজেলার সদস্যসচিব আশিক এলাহী।
এসএস/টিএ