মুক্তির ঠিক আগে আইনি জটিলতায় জড়িয়ে পড়ল শহীদ কাপুর অভিনীত গ্যাংস্টারধর্মী ছবি ‘ও রোমিও’। আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সালে ছবিটি মুক্তির কথা থাকলেও, তার আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন সানোবর শেখ। তিনি দাবি করেছেন, ছবিটির কাহিনি তাঁর বাবা প্রয়াত হুসেন উস্তারার জীবনের আদলে নির্মিত, যা অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।
সানোবর শেখের আবেদনে বলা হয়েছে, তাঁর বাবা কোনো অপরাধজগতের শীর্ষ ব্যক্তি ছিলেন না। বরং তিনি একজন সাংবাদিক হিসেবে মুম্বাই পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ ছবিতে তাঁকে ভিন্নভাবে উপস্থাপন করা হলে তা পরিবারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে বলে অভিযোগ তুলেছেন তিনি।
আদালতে দাখিল করা আবেদনে ছবির মুক্তি স্থগিত রাখার পাশাপাশি প্রেক্ষাগৃহে মুক্তির আগে একটি বিশেষ প্রদর্শনের অনুমতির আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে আদালত নিযুক্ত একটি কর্তৃপক্ষ দিয়ে ছবির বিষয়বস্তু পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে, যাতে নিশ্চিত হওয়া যায় গল্পটি বাস্তব জীবনের সঙ্গে কতটা সাদৃশ্যপূর্ণ।
এই মামলায় প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, পরিচালক বিশাল ভরদাজ এবং মূল সাহিত্যকর্মের লেখককে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। বড় বাজেটের এই ছবিতে শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকর, তামান্না ভাটিয়া ও দিশা পাটানির মতো তারকারা। ফলে আইনি হস্তক্ষেপ হলে ছবিটির মুক্তি পরিকল্পনা বড় ধরনের বাধার মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সব মিলিয়ে মুক্তির আগে এই আইনি টানাপোড়েন ‘ও রোমিও’কে ঘিরে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে বলিউড, কারণ সেই রায়ই ঠিক করে দেবে পর্দায় কবে এবং কীভাবে দর্শকের সামনে আসবে বহুল আলোচিত এই গ্যাংস্টার কাহিনি।
এসএস/টিএ