ভারতের প্রথম সাধারণ নির্বাচনের নেপথ্যের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘হাম হিন্দুস্তানি’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে। সম্প্রতি ছবিটির প্রথম ঝলক (ফার্স্ট লুক) প্রকাশ করা হয়েছে।
সদ্য স্বাধীন ভারতে যখন সবদিকে বিশৃঙ্খলা, তখন একদল সরকারি কর্মকর্তা কিভাবে প্রতিকূলতা কাটিয়ে দেশের প্রথম নির্বাচন সফল করেছিলেন, তাই দেখা যাবে এই ছবিতে।
মূলত সাধারণ মানুষের ভোটাধিকার পাওয়ার লড়াইয়ের গল্প এটি। ছবিটি পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। এ ছাড়াও আছেন প্রতীক গান্ধী, দীপক ডোবরিয়াল, মিমি চক্রবর্তী এবং সারিকা।
পরিচালক ও প্রযোজনা দলের মতে, ভারতের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি তুলে ধরা তাদের জন্য বড় একটি দায়িত্ব ছিল। এটি সাহস ও সম্মিলিত প্রচেষ্টার একটি গল্প যা বর্তমান ভারতকে গড়তে সাহায্য করেছে। নেটফ্লিক্স জানিয়েছে ছবিটি শিগগিরই মুক্তি পাবে, তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
সূত্র : এনডিটিভি
এমআই/এসএন