আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জনগণের প্রত্যাশার’ নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করা হবে বলে দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইশতেহার ঘোষণা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ বিকাল ৩টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরোনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সম্মান জানিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে রাষ্ট্র পরিচালনায় শরীয়াহর প্রাধান্য তুলে ধরা হবে। এবারের ইশতেহারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জনপ্রত্যাশার ইশতেহার’।
সংশ্লিষ্টদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সাধারণ মানুষের অধিকার ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একগুচ্ছ নতুন পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছে দলটি। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
কেএন/এসএন