হঠাৎ করে কোনও অভিনেতা বা অভিনেত্রীর ওজন চোখে পড়ার মতো কমে গেলে স্বাভাবিকভাবেই তাঁদের শারীরিক সুস্থতা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। সম্প্রতি বলিউড তারকা জন আব্রাহাম কিংবা নির্মাতা করণ জোহরের চেহারার পরিবর্তন যেমন সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছিল, তেমনই এবার একই কারণে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বাংলা চলচ্চিত্রের পরিচিত অভিনেতা শঙ্কর চক্রবর্তী।
গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শঙ্কর চক্রবর্তীর বেশ কয়েকটি সাম্প্রতিক ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের একাংশের মনে দুশ্চিন্তা দেখা দেয়। আচমকা অনেকটা ওজন কমে যাওয়ায় অনেকেই ধারণা করতে শুরু করেন, হয়তো তিনি অসুস্থ। বিষয়টি নিয়ে জল্পনা বাড়তে থাকলেও অবশেষে নিজেই মুখ খুললেন এই অভিনেতা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নতুন কিছু ছবি প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং অসুস্থতার কোনও খবরই সত্য নয়।
শঙ্কর চক্রবর্তী লেখেন, নিয়মিত খাদ্যনিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমেই তিনি ওজন কমিয়েছেন। আগে তাঁর ওজন ছিল ৯৭ কেজি, বর্তমানে তা ৭৬ কেজিতে নেমে এসেছে। কেউ যেন ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি না ছড়ান, সেই অনুরোধও জানান তিনি। তাঁর এই বক্তব্যের পর পরিষ্কার হয়ে যায়, শারীরিক কোনও সমস্যার কারণে নয়, বরং সচেতন জীবনযাপনের ফলেই এই পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, এক সময় বড়পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেলেও বর্তমানে ছোটপর্দার বিভিন্ন ধারাবাহিকে পার্শ্বচরিত্রে বেশি দেখা যায় শঙ্কর চক্রবর্তীকে। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিয়মিত কাজ না থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। ব্যক্তিগত জীবনেও স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে একাকিত্ব বেড়েছে তাঁর। তাই নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেতা।
সব মিলিয়ে, অসুস্থতার গুঞ্জন উড়িয়ে দিয়ে শঙ্কর চক্রবর্তীর সুস্থ থাকার খবর সামনে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীরা।
এমকে/টিএ