ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান লেস্টার সিটির বাংলাদেশি তারকা হামজা চৌধুরী।
ব্যথায় কাতর হামজাকে কিছুক্ষণ মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু খেলা চালিয়ে যেতে না পারায় ম্যাচের ২৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এতে বাংলাদেশের ফুটবলভক্তদের মনে জেগেছে শঙ্কা।
হামজার চোট কতটা গুরুতর, মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, বাংলাদেশ দল তাকে পরের ম্যাচে পাবে তো—সমর্থকদের মনে এ ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর লেস্টার সিটি জানতে পেরেছে, হামজার চোট বেশ গুরুতর। তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত (এমসিএল ইনজুুরি) হয়েছে। পুরোপুরি সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে।
তবে স্বস্তির বিষয় হলো হামজার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৩১ মার্চ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুরে যাবে হাভিয়ের কাবরেরার দল। এর আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলা নিয়ে আলোচনা চলছে।
পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হলে হামজা মার্চের তৃতীয় বা শেষ সপ্তাহে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে বাংলাদেশের জার্সিতে তাকে মার্চেই দেখা যেতে পারে।
আইকে/টিকে