© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী

শেয়ার করুন:
ক্ষমতায় গেলে ‘আমার টাকা, আমার হিসাব’সহ ৩টি অ্যাপ তৈরি করবে জামায়াতে ইসলামী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে ‘দক্ষতা’, ‘ডিজিটাল পাহারাদার’ ও ‘আমার টাকা, আমার হিসাব’ নামে তিনটি অ্যাপ তৈরি করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

আমার টাকা, আমার হিসাব

সরকারের আয়-ব্যয় জানার শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে ‘আমার টাকা, আমার হিসাব’ নামে একটি অ্যাপ তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে মাত্র কয়েক ক্লিকেই জানা যাবে কর, ঋণ, অনুদান, রেমিট্যান্স ও সেবামূলক খাত থেকে সরকারের আয়ের পরিমাণ। এছাড়া কোন খাতে বা কোন প্রকল্পে কত টাকা খরচ হচ্ছে, তার জেলা, উপজেলা ও থানা পর্যায়ের হিসাবও পাওয়া যাবে। ব্যয়ের অসঙ্গতি দেখলে নাগরিকরা প্রশ্ন বা অভিযোগ জানাতে পারবেন। এর ফলে নাগরিক অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

ডিজিটাল পাহারাদার

ক্ষমতায় গেলে ‘ডিজিটাল পাহারাদার’ নামে একটি অ্যাপ তৈরির ঘোষণা দিয়েছে জামায়াত। এটি চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে নাগরিকদের ব্যবহারের উপযোগী একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে চাঁদাবাজি, ঘুষ, মাদক ও সন্ত্রাসসহ যেকোনো অপরাধের ভিডিও, অডিও বা ছবি সংযুক্ত করে অভিযোগ করা যাবে। অভিযোগটি তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে পৌঁছাবে এবং ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযোগের অগ্রগতি অ্যাপের মাধ্যমে লাইভ ট্র্যাক করা যাবে এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। যাদের স্মার্টফোন নেই, তারা হটলাইনের মাধ্যমেও অভিযোগ করতে পারবেন।

দক্ষতা

বেকারত্ব নিরসন ও আত্মকর্মসংস্থানের কাঠামোগত সমাধান নিশ্চিত করতে তৈরি করা হবে ‘দক্ষতা’ অ্যাপ। নিজের পছন্দের কাজে দক্ষ হয়ে আয় করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এটি একটি বিশেষ প্রকল্প। ভাতার বদলে পরিশ্রমী ও সম্মানজনক আয়ে যুবসমাজকে উদ্বুদ্ধ করাই এর মূল প্রতিপাদ্য।

অ্যাপ বা ওয়েবসাইটে সহজ রেজিস্ট্রেশনের মাধ্যমে পছন্দমতো কাজ নির্বাচন করা যাবে। প্রশিক্ষণের খরচ, থাকা-খাওয়া ও সম্মানী সরকার বহন করবে। প্রশিক্ষণ শেষে চাকরি, ব্যবসা বা বিদেশে কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।

এমআর/টিকে 

মন্তব্য করুন