কুষ্টিয়ায় জামায়াতের নারী কর্মীদের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীরা আব্দুর রহমান নামক ব্যক্তির বাড়িতে ভোট চাইতে গেলে বিএনপির কর্মীদের সাথে বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ৭টার দিকে মাসিলিয়া বাজারে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে হকি স্টিক ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির নিজাম, রেন্টু মাল ও হাবিব এবং জামায়াত নেতা সিরাজুল ইসলাম, মাসুম বিল্লাহ ও এসএম আবু দাউদ আহত হন। পরবর্তীতে উভয়দলের আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বিএনপি কর্মীদের খোকসা এবং জামায়াত নেতাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কুষ্টিয়া চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজাল হোসেন বলেন, সকালে আমাদের কর্মীদের প্রচারণায় বাধা প্রদান করা হয় এবং তাদের আহত করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, তিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও করেন তিনি।
এসএস/টিএ