চট্টগ্রাম বন্দরের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও অবরোধের প্রেক্ষাপটে জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা, নিরাপত্তা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত ৪ ফেব্রুয়ারি জারি করা এক পত্রে বলা হয়েছে, বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখা, পণ্য খালাস-লোডিং কার্যক্রমে স্থবিরতা নিরসন এবং চলমান অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণে এ জরুরি সভা অনুষ্ঠিত হবে।
সম্প্রতি শ্রমিকদের দাবি-দাওয়া ঘিরে বন্দর সংশ্লিষ্ট এলাকায় কর্মবিরতি, বিক্ষোভ ও অবরোধের মতো কর্মসূচি দেখা দেয়, যার প্রভাব পড়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে।
এ পরিস্থিতিতে দ্রুত সমাধান খুঁজতেই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা আশা করছেন, জরুরি সভা থেকে কার্যকর সিদ্ধান্ত এলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম দ্রুত ফিরবে এবং পণ্যজট কমবে।
এমআই/এসএন