জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে একজন মুফতি এসেছেন। উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
একটি দলের প্রধানকে ইঙ্গিত করে রাশেদ প্রধান বলেন, ‘লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, জানেন তো আপনারা? আসার পরে উনি নির্ধারণ করছেন কে মুসলমান থাকবে আর কে হবেন। উনার বক্তব্যের মাধ্যমে উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন। আমি আজকের এই বক্তব্যে উনাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ উনি গতকাল একটি সঠিক কথা বলেছেন। উনি বলেছেন, পাঁচ তারিখের পরে একটি দল নতুন করে জালিম হয়েছে, যারা গুপ্ত ছিল। উনি সঠিক বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি রিপোর্ট দিয়েছে। তারা বলেছে, ৫ আগস্টের পরে বাংলাদেশে ৬০০টি রাজনৈতিক সহিংসতা হয়েছে। যার মধ্যে ৯২ শতাংশের জন্য দায়ী অর্থাৎ ৫৫০টি রাজনৈতিক সহিংসতার পেছনে দায়ী এই বিএনপি। তাহলে জালিমের নাম কী? আর আমরা সবাই জানি এই লন্ডনের মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন। অতএব উনি সঠিক বলেছেন।’
জাগপার মুখপাত্র আরও বলেন, ‘নতুন করে যেই জালিম বিএনপি সৃষ্টি হয়েছে, সেই বিএনপিকে ১২ তারিখ আমরা লাল কার্ড দেখাবো। রাজশাহীতে যেই ছয়টি আসন আছে, সেই ছয়টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে উপহার দিতে হবে।’
এবি/টিএ