বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে এমন একটি দেশ, যেখানে প্রতিটি শিশু, প্রতিটি শিল্পী, প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে। যেখানে মুক্ত চিন্তা, ন্যায়পরায়ণতা এবং মানবিক মূল্যবোধে আমাদের সমাজ সমৃদ্ধ হবে।’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মেহেদীবাগে বেতার-টেলিভিশন শিল্পী সংস্থা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি অধ্যায়ে সংস্কৃতিকর্মীরা অগ্রণী ভূমিকা রেখেছেন।’
এ সময় তিনি বেতার ও টেলিভিশন শিল্পীদের পেশাগত সংকট সমাধানে রাষ্ট্রীয় সহায়তা এবং স্বাধীন সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় সভাপতিত্ব করেন বেতার-টেলিভিশন শিল্পী সংস্থার সভাপতি আব্দুল মান্নান রানা এবং সাধারণ সম্পাদক ফরিদ বঙ্গবাসী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের সদস্যসচিব ও চট্টগ্রাম বেতার টেলিভিশন শিল্পী সংস্থার সহসভাপতি মামুনুর রশিদ শিপন।
আরআই/টিকে