নভেম্বর ২০২৪ থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। লেবাননের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের জাবাল আল-রেইহান অঞ্চলের খাল্লাত খাজেমের কাছে আল-ওয়াজানিয়েহ এলাকায় একটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।
এ ছাড়া পূর্ব লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের আশপাশের পাহাড়ি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে লক্ষ্যবস্তু এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। একই সঙ্গে হামলার পরও লেবাননের বিভিন্ন অংশের আকাশে নিচু উচ্চতায় ইসরায়েলি বিমান উড়তে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এসব হামলায় লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাসে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এ সংঘাতে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছে।
এমআর/টিকে