আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলা কারাগারের ৫১ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেনী কারাগার (২) এবং বৃহস্পতিবার ফেনী কারাগার (১) এ পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধিত কারাবন্দিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশের গণতান্ত্রিক ইতিহাসে বন্দিদের নাগরিক অধিকার নিশ্চিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ফেনী জেলা কারাগার (১) এর জেল সুপার আবদুল জলিল দেশের এক গণমাধ্যমকে জানান, বর্তমানে কারাগারে মোট ৬০৬ জন বন্দি রয়েছেন।
তাদের মধ্য থেকে ৫২ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আবেদন ও নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিত এই ভোটারদের মধ্যে বিচারাধীন মামলার আসামি ৩৮ জন, সাজাপ্রাপ্ত বন্দি ১৪ জন ওনারী বন্দি রয়েছেন ৫ জন। এর মধ্যে ৫ জন জামিনে চলে যাওয়ায় ৪৭ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ফেনী জেলা কারাগার (২) এর জেল সুপার দিদারুল আলম দেশের এক গণমাধ্যমকে জানান, আমার জেল থেকে মোট ৪ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্ধারিত নির্বাচন কর্মকর্তা, জেলার ও একজন কারারক্ষী নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।
তিনি আরো জানান, বন্দিদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করতে এবং তাদের ভোটদানে উদ্বুদ্ধ করতে কারাগার থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হয়েছে। তারা যেন নিজেদের পছন্দমতো প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
ফেনী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার সংসদীয় আসনগুলোতে এবার দেশ ও প্রবাস থেকে বিপুল সংখ্যক ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।
বিশেষ করে ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে দেশের সর্বোচ্চ সংখ্যক পোস্টাল ব্যালট নিবন্ধনকারী রয়েছেন। এই প্রক্রিয়ায় কারাগারের বন্দিরাও অংশ নিতে পারছেন। ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে পৌঁছানো ব্যালটগুলোই কেবল গণনায় অন্তর্ভুক্ত হবে।
এবি/টিকে