আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ইশতেহারে দেশের এভিয়েশন খাতকে ঢেলে সাজানো ও ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার লক্ষ্যে দেশব্যাপী 'জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করছেন। এতে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার 'ভিশন-২০৩০', তারেক রহমানের 'রাষ্ট্র মেরামতের ৩১ দফা' এবং 'জুলাই জাতীয় সনদ' এর সমন্বয়ে এ নির্বাচনি ইশতেহার তৈরি করা হয়েছে। ইশতেহারে এভিয়েশন খাতের বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশব্যাপী 'জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড' তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় প্রাথমিকভাবে বিভাগীয় শহর এবং পর্যায়ক্রমে জেলা শহরগুলোকে আকাশপথে সংযুক্ত করতে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ নির্মাণ করা হবে, যার মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত ও সহজতর করা।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ লজিস্টিক ও যাত্রী হাবে উন্নীত করার পাশাপাশি কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা হবে। কার্গো ব্যবস্থাপনা আধুনিকায়নে একীভূত ট্র্যাকিং, বুকিং ও রুট পরিকল্পনার জন্য 'জাতীয় লজিস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম' চালু করার কথা বলা হয়েছে এবং বিমানবন্দরগুলোতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে ররূপান্তরের লক্ষ্যে এর পরিচালন কাঠামো ও রুট ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কারের ঘোষণা দিয়েছে বিএনপি। একইসঙ্গে বেসরকারি এয়ারলাইনগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে নীতিগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
যাত্রীসেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিএনপি। ইশতেহারে বলা হয়েছে, দেশের সকল বিমানবন্দরে নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করা হবে। টিকিট কালোবাজারি, জালিয়াতি ও অবৈধ অর্থ আত্মসাৎ রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি এভিয়েশন খাতে দক্ষ জনশক্তি তৈরিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর আধুনিকায়ন এবং দুর্ঘটনা রোধে বা নিরাপত্তা নিশ্চিতে এভিয়েশন প্রযুক্তিতে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির অঙ্গীকারও করা হয়েছে দলটির পক্ষ থেকে।
আইকে/টিকে