ভারতের কেরালায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী যুবককে গাড়ি ধাক্কা দিয়ে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত হলেন মালায়ালাম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেতা মনিয়ানপিল্লা রাজু। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কেরালার তিরুবনন্তপুরমে ত্রিভান্দ্রম ক্লাবের সামনে ঘটে এ দুর্ঘটনা।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজুর গাড়িটি দুই যুবককে বহনকারী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। পরে সেখান থেকে পালিয়ে যায় অভিনেতা। ঘটনার পর প্রায় দশ ঘণ্টা আত্মগোপনে ছিলেন অভিনেতা রাজু।
এ ঘটনায় আহত হওয়া মোটরসাইকেল আরোহী দুই যুবক হলেন তিরুবনন্তপুরমের বাসিন্দা সুরজ ও নিদেব। তারা এখন হাসপাতালে ভর্তি। একজনের পা ভেঙেছে এবং অন্যজন মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়েছেন।
দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ডান দিক থেকে একটি মোটরসাইকেল আসার সময় একটি সাদা গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মোটরসাইকেলটি গাড়ির সামনের অংশের সঙ্গে ধাক্কা খায় এবং আরোহীরা রাস্তায় পড়ে যায়। এ সময় অভিনেতা গাড়ি না থামিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটেছে দুর্ঘটনাটি। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, গাড়িটি অভিনেতারই ছিল। জানা গেছে, গাড়ি চালকের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো, জীবন বিপন্ন করার জন্য অবহেলামূলক কাজ এবং দুর্ঘটনায় আহতদের চিকিৎসাভার গ্রহণে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে রাজুর বিরুদ্ধে।
এদিকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে থানায় হাজির হয়ে অভিনেতা রাজু সাংবাদিকদের জানান, একটি মোটরসাইকেল তার গাড়িটিকে ধাক্কা দিয়েছে। তিনি রাস্তা অতিক্রম করার জন্য ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলেন, তখনেই মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। একটি শব্দ শুনতে পান তিনি এবং একজনকে পড়ে যেতেও দেখেন। পরে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর একজনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলেন।
এ অভিনেতা বলেন, গাড়িটি আমার এবং আমিই চালাচ্ছিলাম। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় ঘটনাস্থল ত্যাগ করেছি। আমি একজন ক্যানসার রোগী এবং আমার চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। বাড়িতে আমার স্ত্রীও একা ছিলেন। এ ঘটনায় আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি এবং রাতে হাজির হতে অক্ষমতার কথাও জানিয়েছি। সকালে হাজির হব এবং গাড়ি পুলিশ হেফাজতে জমা দেয়ার কথাও জানিয়েছি।
এদিন পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে রাজুর বিরুদ্ধে গ্রেপ্তারের মামলা দায়ের করা হয়েছে। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
কেএন/টিকে