ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে থাকতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে নেইমারকে। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তো প্রমাণ দিতে যথেষ্ট ম্যাচ খেলতে হবে। আগামী জুনের বিশ্বকাপের আগে সান্তোস কি সেই সুযোগ দেবে? কোচ হুয়ান পাবলো ভোজভোডা জানালেন সেই তথ্য।
গত ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচার করান নেইমার। তার উন্নতি দেখে বেশ আশাব্যঞ্জক হয়ে উঠছেন ভোজভোডা। তবে তাকে মাঠে ফেরানোর ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না এই কোচ।
গত ২২ ডিসেম্বর থেকে মাঠের বাইরে থাকা নেইমার গত সপ্তাহে ট্রেনিংয়ে ফেরেন। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের বাঁ হাঁটুতে সম্প্রতি অস্ত্রোপচার করান। এমনকি গণমাধ্যমের কিছু রিপোর্ট বলছে, এই রোববার ক্লাব নোরোয়েস্তের মাঠে দেখা যেতে পারে তাকে।
ভোজভোডা বললেন, ‘সে তো দলের সঙ্গে ফিরেছে। কিন্তু তার মতো খেলোয়াড়, যে গুরুত্বপূর্ণ গোলের জন্য প্রস্তুত থাকে, ফেরার জন্য তাকে ভালো অবস্থানে থাকতে হবে।’
সান্তোস কোচ নেইমারের অবস্থা প্রসঙ্গে বললেন, ‘সে একেবারে নিজেকে বিলিয়ে দেয়, আবার যখন মাঠে ফিরবে, সে সবার প্রত্যাশামতো লড়বে। সে তো মানুষ। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। সে বিশ্বকাপ চায়। তার অনুশীলন প্রয়োজন।’
তিনি বলেন, ‘সে যখন ভালো থাকে, সে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে, যা অন্য কেউ পারে না।’ গত মৌসুমে সান্তোসকে রেলিগেশনে পড়া থেকে রক্ষা করা নেইমার বিশ্বকাপ দলে পাওয়ার জন্য মুখিয়ে আছেন।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা (গাবিগোল) গত মাসে ক্রুজেইরো থেকে সান্তোসে যোগ দিয়েছেন। নেইমারের ওপর থেকে চাপ কমাতে চান তিনি, ‘আমি তাকে জাতির রক্ষক হিসেবে দেখি না। সেরকম কিছু হলে অন্য দলগুলো কখনো হারত না, কারণ তাদের সেরা খেলোয়াড় আছে। সে আর আটদশটা খেলোয়াড়ের মতো, একজন খুব গুরুত্বপূর্ণ। সে গ্রুপের আইডল এবং কঠিন। তার নেতৃত্ব দারুণ। আমরা আশা করব সে শতভাগ ফিরবে, কোনো চাপ ছাড়া, ঠান্ডা মাথায় সান্তোস ও জাতীয় দলকে সাহায্য করবে।’
আরআই/টিকে