দেশের চলমান পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৩৬৮ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য ও চোরাকারবারিসহ মোট ৩৬৮ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে ৫১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৩১ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
টিকে/