ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী চৌধুরী নায়াব আহমেদ ইউসুফ বলেছেন, নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলব। ভোটাধিকার পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার।
নায়াব ইউসুফ বলেন, ‘দেড় শ বছরের বেশি সময় ধরে আমার পরিবার ফরিদপুরে নেতৃত্ব দিয়ে আসছে। আমরা কখনো ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতি করেছি।’ তিনি বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে আগে জনপ্রতিনিধিকে সৎ ও দায়বদ্ধ হতে হবে। আমি আপনাদের সেই দায়বদ্ধ নেতৃত্ব দিতে চাই।
ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো বন্ধ করতে হবে। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায়।’ ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সুযোগ এসেছে।
এই সুযোগ নষ্ট হলে দেশ আবার দীর্ঘদিন অন্ধকারে নিমজ্জিত হবে।’ নারী ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মা-বোনদের বলছি সতর্কতার সঙ্গে ভোট দিন, বিভ্রান্ত হবেন না।’
নির্বাচনী প্রচারণার শেষ দিনগুলোতে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে নায়াব ইউসুফ বলেন, ‘১২ তারিখ পর্যন্ত আপনারা আমার জন্য কাজ করুন। ইনশাআল্লাহ নির্বাচিত হলে পরবর্তী পাঁচ বছর আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।’ পরে বিকেলে তিনি শহরের সিংপাড়া ও ঝিলটুলী এলাকায় পৃথক নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন।
এসএস/টিএ