নির্বাচনী প্রচারণা শেষে বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়ার ওপর দুর্বৃত্তদের গুলির ছোঁড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর প্রার্থীসহ তার সমর্থকদের মধ্যে ভীতি ও ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা চন্দ্রদিঘলিয়ার নতুন চর ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া জানান, নির্বাচনী প্রচারণা শেষে গাড়ি ভাড়া দেয়ার জন্য টাকা নিতে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এসময় বাড়ির রাস্তার ওপর উঠতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। প্রাণ বাঁচাতে দৌড় দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বলতে পারেননি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার পর থেকে প্রার্থী ও তার কর্মী সমর্থকদের মধ্যে ভীতি ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রার্থীর কথা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউটি/টিএ